কবজি বরাবর দুই হাত আড়াআড়ি করে ‘এক্স’ সংকেত হলো ফিফার অফিশিয়াল বা দাপ্তরিক সংকেত। এর উদ্দেশ্য হলো ম্যাচ চলাকালে বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ শনাক্ত করা।
ফিফার একটি নিয়ম মেনেই ওই সংকেত দেখান মিসর কোচ। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থার বৈষম্যবিরোধী নিয়ম অনুযায়ী ম্যাচে খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তারা বর্ণবাদী বা বৈষম্যবিরোধী আচরণের শিকার হলে হাত দুটো আড়াআড়ি করে তুলে ‘এক্স’ সংকেত দেখিয়ে অভিযোগটি বোঝাতে পারেন।এই সংকেতের ফলে সংশ্লিষ্টরা বুঝতে পারেন, সেখানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা খতিয়ে দেখা প্রয়োজন। সংকেতটি এমনভাবে করা হয়েছে যেন বৈষম্যের অভিযোগ তুলে যে ব্যক্তি সেটি দেখাচ্ছেন, তিনি যেন অবহেলিত না হন এবং উপযুক্ত পদক্ষেপ বা প্রক্রিয়াগুলো দ্রুত কার্যকর করা যায়।
ফিফা কবে এই সংকেত অনুমোদন করে
বর্ণবাদ এবং অন্যান্য বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ২০২৪ সালে ব্যাংককে অনুষ্ঠিত ফিফার ৭৪তম কংগ্রেসে এই পদক্ষেপ অনুমোদিত হয়। বর্ণবাদের সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে ফিফার নিয়মের তিনটি ধাপ রয়েছে।
এই সংকেত দেওয়ার মানেই স্বয়ংক্রিয়ভাবে ম্যাচটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়া নয়। বরং, এটি ফিফা কর্তৃক নির্ধারিত পদ্ধতির মধ্যে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে। এই নিয়মে সম্ভাব্য তিনটি ধাপ অন্তর্ভুক্ত—
প্রথম পদক্ষেপ: পরিস্থিতি মূল্যায়ন করতে রেফারি সাময়িকভাবে ম্যাচটি স্থগিত করতে পারেন।
দ্বিতীয় পদক্ষেপ: যদি বৈষম্যমূলক আচরণ বা ঘটনা ঘটতেই থাকে, তবে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে এবং উভয় দলকে সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যেতে হবে।
তৃতীয় পদক্ষেপ: চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ভুক্তভোগী ব্যক্তি বা ব্যক্তিদের আরও ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে ম্যাচটি স্থায়ীভাবে বাতিল করা যেতে পারে।
এর মূল উদ্দেশ্য হলো বৈষম্যমূলক পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেফারিদের সুযোগ করে দেওয়া। পাশাপাশি খেলোয়াড়দের সরাসরি অভিযোগ জানানোর একটি সুনির্দিষ্ট মাধ্যমও এটি।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কেন এই সংকেত
ম্যাচে প্রায় শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার তৃতীয় গোলটি (৯০+২) করার পর মিসরের কোচ সংকেতটি ব্যবহার করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মিসর কোচের বক্তব্য অনুযায়ী জানিয়েছে, তিনি মনে করেছেন যে গোল উদ্যাপনের সময় বর্ণবাদী গালিগালাজের ঘটনা ঘটেছে। তবে অকাট্য প্রমাণ না থাকায় মিসর কোচের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।
রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ম্যাচটি থামাননি। মিসর কোচের সংকেত দেওয়ার পর তাঁকে হলুদ কার্ড দেখান। সিদ্ধান্তটি ফুটবলপ্রেমী ও বিশেষজ্ঞদের দুভাগে বিভক্ত করেছে—একদল মনে করেন যে পরিস্থিতিটি খতিয়ে দেখা উচিত ছিল, অন্য দল মনে করেন এই নিয়ম কার্যকরের পুরো প্রক্রিয়াটি চালু করার মতো যথেষ্ট উপাদান বা ভিত্তি সেখানে ছিল না।
ফিফার প্রটোকলে নতুন এক মুহূর্ত
২০২৬ বিশ্বকাপই প্রথম পুরুষ বিশ্বকাপ, যেখানে এই অঙ্গভঙ্গি ফিফার অফিশিয়াল ও দৃশ্যমান নিয়মাবলির অংশ করা হয়েছে। এ কারণে জাতীয় দল–সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির এ সংকেত ব্যবহারের প্রথম আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে হোসাম হাসানের ওই ছবি স্মরণীয় হয়ে থাকবে।