ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাংলাদেশ হাইকমিশন এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। হাইকমিশন জানায়, এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক্স বার্তায় হাইকমিশন জানায়, আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। হাইকমিশন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার ও জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেছে।
এর আগে বুধবার সকালে দিল্লির মালব্য নগরের পাঁচতলা ‘ফ্লোরিশ স্টে’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হোটেলটির বেজমেন্টে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশের ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও আগুন পৌঁছে যায়।
এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন, ফলে কয়েকজন গুরুতর আহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ভবনে একটি মাত্র প্রবেশ ও নির্গমন পথ থাকায় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হয়। এছাড়া অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি।
তবে এক কর্মীর ভাষ্য অনুযায়ী, বিদ্যুতচালিত চুলা চালু করার সময় আগুনের শিখা দেখা যায় এবং সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন।