ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। নিতম্বের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। এমআরআই পরীক্ষায় চোট ধরা পড়ার পর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
শনিবার (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের সময় বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটনের পরিবর্তে তাওহিদ হৃদয়কে দেখা যায়। তখনই লিটনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। পরে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক চোটের বিষয়টি জানান।
এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান লিটনের পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘লিটন কুমার দাস গতকাল (শুক্রবার) ডান নিতম্বের জয়েন্টে একটা অভিযোগ করার কারণে একটা এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে এসেছে যে ওর একটু সমস্যা আছে। আজকে (শনিবার) তারপরও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টের, চেষ্টা করছে যে পারা যায় কিনা। তো সে এভেইলেবল না। যতটুকু মানদণ্ড আছে… আমরা যতটুকু চাই, সেটিতে পৌঁছাতে পারেনি সে। তাই এই সিরিজে তার খেলা হবে না।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করার কথা ছিল লিটনের। তবে চোটের কারণে আপাতত সেই অপেক্ষা দীর্ঘ হলো। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশের ওয়ানডে দলের ১৮তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়।
এ নিয়ে টানা দুই সিরিজে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ। এর আগে গত জুলাইয়ে চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান।